Posted on

ভালো থেকো তুমি

মোস্তফা জামাল গুমুজি

তুমি আমার না হয়েই ভালো আছো,
এটাই তো চেয়েছিলাম আমি,
ভালোবাসার নামে কষ্টের ছায়া
পড়ুক না তোমার গলিতে কোনো দিন।

যদি আমার হতে,
ছেষট্টি বছর পরও
তোমাকে ফেলে চলে গেলে আমি,
প্রতিশ্রুতি ভাঙার দায়ে
সৃষ্টিকর্তার কাছে অপরাধী হতাম।

যদি আমার হতে,
রাগের আগুনে তোমার চোখে জল নামতো,
সে জলে ভেসে যেত আমার সমস্ত আবেগ,
আফসোসে হারিয়ে যেত মন।

যদি আমার হতে,
তোমার প্রতিটি হাসিতে,
অন্যের সাথে মিশে যাওয়া কথায়,
আমার হিংসার জন্ম হতো,
অভিমানে ভিজে যেত হৃদয়ের কোণে।

তোমাকে বন্দি করে রাখতে চাইতাম,
কিন্তু তুমিও কি থাকতে চাইতে?
তুমি যদি আমার হতে,
কষ্ট পেতে বারবার,
আর তোমার কষ্টেই
ভেঙে যেতাম আমি।

তোমার খোঁজ নিতে নিতে,
তোমার কাছে হয়ে যেতাম বোঝা,
ঘুমানোর সময় জড়িয়ে ধরতে চাইতাম,
অথচ তোমার ঘুম আসতো না
কারও স্পর্শ লাগলেই।

তুমি যদি আমার হতে,
হয়তো কখনো মনে হতো,
তোমাকে ভালোবাসাটাই ভুল ছিল—
অভিমান জন্মাতো,
এমনকি একটুখানি ঘৃণাও।

তুমি যদি আমার হতে,
পরিবারের ভুল বোঝাবুঝির জালে,
কষ্ট পেতে তুমি,
আর সেই কষ্ট আমাকেও কুরে কুরে খেতো।

বয়সের ভারে নুয়ে পড়লে,
যদি আমাদের সন্তান অবহেলা করত,
আমি কাঁদতাম, তুমি সহ্য করতে না,
অথচ কিছুই করতে পারতে না।

তুমি যদি আমার হতে,
মৃত্যুশয্যায় চিন্তায় পাগল হয়ে যেতাম,
আমি চলে গেলে তোমাকে কে আগলে রাখবে?
এই ভাবনায় মরতাম অপরাধবোধে।

তুমি যদি আমার হতে,
একদিন একা হয়ে যেতে,
আমার না থাকার শোকে,
রাতের পর রাত কাটাতে নিরবে,
না খেয়ে, কষ্ট বুকে চেপে।

তাই বুঝেছি,
তুমি আমার না হয়েই ভালো করেছো,
তুমি অন্যের হয়ে আমারই উপকার করেছো।

দূর থেকে তোমাকে ভালোবাসার সুযোগ পেয়েছি,
মোনাজাতে চোখের পানি ফেলেছি,
তবু তোমার ভালো থাকার দোয়া করেছি।

ভালো থেকো তুমি…
ভালো থেকো চিরকাল…

📅 ০২ এপ্রিল ২০২৫, বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *