Posted on

রিজিকের ভালোবাসা


লেখক: মোস্তফা জামাল গুমুজি

নারী বোঝে কার ভালোবাসা, কার ব্যবহারের ছলনা,
বোঝেও, তবু চুপচাপ সহ্য করে,
শব্দহীন অভিযোগের পাহাড় বয়ে চলে।

নারী যতটা বলে, তার চেয়েও বেশি বোঝে,
আর পুরুষ? সে জানে কোন ছোঁয়ায় নারী আটকে যায়,
কোন অবহেলায় হারিয়ে ফেলে পথ।
যখন ভালোবাসে, নারীকে করে আপন জগতের রানী,
তার হাসি, তার কান্না—সবকিছু রাখে আপন বুকে জড়িয়ে।

আর বোকা নারী?
ভালোবাসায় পাগল হয়ে হারিয়ে ফেলে নিজেকে,
পুরুষের মায়ার জালে আটকে পড়ে,
নিজেকে ভাবে ভাগ্যবতী,
ভুলে যায় নিজের দুঃখের গল্পগুলো।

কিন্তু যখন পুরুষের মন বদলে যায়,
ভালোবাসার রানী হয়ে যায় অচেনা এক চাকরানী,
শ্রদ্ধার স্থান বদলে যায় উপেক্ষার অতল গহ্বরে।
আলতো করে সরিয়ে নেয় ভালোবাসার স্পর্শ,
শব্দহীন দূরত্বে ফেলে রাখে নারীকে,
একটু একটু করে নিঃশেষ করে ফেলে প্রাণের সমস্ত রঙ।

পুরুষ যখন দূরে যেতে চায়,
তখন সে আর কথা বলবে না আগের মতো,
তার প্রতিটা নিরবতা ছুরির মতো কেটে যাবে নারীর হৃদয়।
নারী জিজ্ঞেস করবে, উত্তর পাবে না—
পাবে কেবল ঘৃণার বিষাক্ত শ্বাস।

নারী চায় না টাকা, ধন, বিলাস,
চায় কেবল একজন চরিত্রবান পুরুষ,
যে তাকে আগলে রাখবে পিতার মমতায়।
আর খাঁটি পুরুষ চায় একজন যত্নবান নারী,
যে মায়ের মতো ভালোবাসবে,
বিপদের দিনে হাত শক্ত করে ধরে রাখবে।

ভালোবাসা এক রিজিক,
যা আসে দু’পাশ থেকে হৃদয়ের স্রোতে,
একপাক্ষিক হলে সে রিজিক শুকিয়ে যায়,
মরে যায় সম্পর্কের সমস্ত আশ্রয়।

২৬ এপ্রিল ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal


——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *