Posted on

একজন থাকা দরকার

মোস্তফা জামাল গুমুজি

কেউ একজন থাকা দরকার,
যার কাছে খুলে বলা যায় মনটার সব গোপন ইচ্ছে।
ভেঙে পড়া শব্দগুলো, কান্না আর দীর্ঘশ্বাসের অক্ষর—
যার সামনে নিঃশঙ্ক চিৎকারে বলা যায়—“আমি ভালো নেই!”

একজন দরকার, যে শুনবে শুধু করুণা নয়—কান পেতে, মন পেতে,
যে প্রশ্ন করবে আরও, জানতে চাইবে গভীর থেকে গভীরে,
আর আমি অবাক হয়ে ভাববো—এমন মন আছে নাকি সত্যিই এই জগতে!

একজন দরকার,
যে মুখের হাসি দেখে বলে দিবে—“মন ভালো নেই তো!”
আর সে তখনই ব্যাকুল হয়ে যাবে—
হাসি ফিরিয়ে দিতে, চোখের কোণে জমা কষ্টগুলো মুছে দিতে।

কেউ একজন থাকা দরকার,
যার কাছে অভিমান করবো নির্দ্বিধায়, আবার সেও বুঝে যাবে না বলা অভিযোগ,
নরম গলায় বলবে—“আমি জানি, আমার দোষ ছিল”,
আর কাঁধে মাথা রেখে বলবে, “তোমার কান্না আমার সহ্য হয় না।”

একজন দরকার,
যে ব্যর্থতার দিনে আমার পাশে পাহাড়ের মতো দাঁড়াবে,
যার হাত ধরলেই মনে হবে—হারলেও কিছু হারায়নি।
যে আমার চোখের দিকে তাকিয়ে বলবে, “তুমি পারবে!”

একজন দরকার,
যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়,
যার ভালোবাসা ঋতুর মতো নয়—যে বদলায় না সময়ের সঙ্গে।
মাঝরাতে ভয় পেলে যার বুকে মুখ গুঁজে বলবো—“আমাকে আগলে রাখো”,
সে বলবে—“তোমার কোনো ভয় নেই, আমি তো আছি!”

একজন দরকার,
যে জ্বরের সময় শরীর ছুঁয়ে না হোক,
ভালোবাসা দিয়ে বলবে—“ইস, তোমার শরীর তো পুড়ছে!”,
যার চোখ ছলছল করবে শুধুই আমার জন্য,
যার মনে থাকবে—এই আমিটাকে হারালে সে ভেঙে যাবে চিরতরে।

একজন দরকার,
যার কাছে আমার প্রতিটি ছোট চাওয়া অমূল্য হবে,
যার প্রেমে থাকবে আমার উপর একান্ত অধিকার,
যে আমাকে শুধুই ভালো না—আমার খারাপ দিকগুলোও ভালোবাসবে।

হ্যাঁ, একজন থাকা দরকার,
যে আমাকে খুব যত্ন করে বাঁচিয়ে রাখবে,
যে ভালোবাসবে নিঃশর্ত, অনর্গল, গভীর থেকে গভীরে…
পৃথিবীতে সত্যিই এমন একজন থাকা দরকার।

০৪ মে ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *