Posted on

বোঝাপড়ার অভিমান


লেখক: মোস্তফা জামাল গুমুজি

আঁকড়ে ধরা বোঝ,
যেমন করে আঁকড়ে থাকে ঝিনুক তার মুক্তোকে,
যেমন করে আকাশের বুকে আঁকড়ে থাকে মেঘ।
অল্প অল্প করে ধরছি, আবার ছাড়ছিও না,
শক্ত করেও আঁকড়ে ধরছি না—
এমনই এক অদ্ভুত টান।

অনাদর বোঝ,
হৃদয়ে প্রেম আর আদরে টইটম্বুর,
তবুও দেখার কেউ নেই।
যেমন অবুঝ শিশু আদরে মিশে থাকে বুকের সাথে,
যেমন ছোট্ট পাখি পোষ মানে আদরে—
তেমনি শূন্য বুক নিয়ে হেঁটে বেড়ানোই অনাদর।

দূরত্ব বোঝ,
তুমি আছো, আমি আছি,
শুধু কথা নেই আমাদের মাঝে।
তুমি তোমার মতো, আমি আমার মতো,
দূরত্ব কি এসে বলে?
আমরাই তাকে আমন্ত্রণ জানাই।

অভিমান বোঝ,
কথা বলার তীব্র আকুতি,
গলার কাছে আটকে যাওয়া শব্দেরা—
এটাই তো অভিমান,
যেমন নিঃস্বঙ্গ পাখিটি একা উড়ে বেড়ায় আকাশের বুকে।

অবহেলা বোঝ,
দিনের পর দিন অপেক্ষায় বসে থাকা,
জানতে জানতেই উপেক্ষার স্বাদ গিলে ফেলা।
এতো ভালোবাসা পেয়েও
কী অনায়াসে ভুলে থাকো,
কী নির্লিপ্ত দূরত্বে হারিয়ে যাও—
এটাই অবহেলা।

তুমি এতো কিছু বোঝ,
শুধু মন বোঝ না।
মনের আকুতি, মনের ডাক বোঝ না।
বেখেয়ালি মনে পৃথিবী দেখো,
নিজের মতো করে সব ভাবো,
শুধু আমার মতো করে আমায় বোঝ না।

২৬ এপ্রিল ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal


——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *