Posted on

হারানো দিনের স্মৃতি

ফেরদৌস আহমেদ
বইঃ- কালের চিত্র

কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই
কোথায় গেল লাঙ্গল জোয়াল কোথায় গেল মই।

কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হাল
কোথায় গেল রংবেরঙের ডিঙ্গি নায়ের পাল।

কোথায় গেল মাটির কলস সেই কলসীর জল
ঘরের শোভা রঙ্গিন শিখা কোথায় গেল বল !

শকুনরা সব কোথায় গেল কোথায় গেল কাক
কোথায় গেল শিয়াল মামার হুক্কা হুয়া ডাক।

কোথায় গেল শিল আর পাটা, পাটার বাটা ঝাল
কোথায় গেল কাঠের ঢেঁকি ঢেকির ছাটা চাল।

কোথায় গেল পালকি চলার হুনহুনাহুন সুর
ঠেলার গাড়ি হারিয়ে গেল হায়রে কত দূর।

কোথায় গেল রাত্রি জেগে চিঠি লেখার দিন
কোথায় গেল হারিকেন আর কোথায় কেরোসিন।

কোথায় গেল গরুর টানা আঁখ মারানোর কল
কোথায় গেল গ্রামের বাড়ির বাংলা ঘরের ছল।

বিয়ে বাড়ির গীতের আসর কোথায় গেল ভাই
কলাপাতায় আহার করার মেজবানিটাও নাই।

কোথায় গেল কাচের চুরি রেশমী ফিতার সাজ
কোথায় গেলো হাত রুমালের সুতার কারু কাজ।

কোথায় গেল মাটির কূপের মিষ্টি স্বাদের জল
কোথায় গেল ডাল মারানোর শিলার যাতা কল

কোথায় গেল কুলুর বলদ বন্ধু যাহার চোখ
কোথায় গেল হুক্কা তামাক হুক্কা টানার লোক ।

হারানো সুর খুঁজতে গিয়ে সবচেয়ে ব্যথা পাই
যখন দেখি কোরআন শিখার মক্তব ও আর নাই

——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *